ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী অনুষ্ঠিত
মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ও ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের যৌথ আয়োজনে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ও সমাপনী দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টায় নগরীর কাচারি রোডস্থ ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এ সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন শাখা, একজন পেশাদার সাংবাদিকের প্রয়োজনীয় গুণাবলি, দায়িত্ববোধ, নৈতিকতা এবং নিজেকে দক্ষ, যোগ্য ও বিচক্ষণ সাংবাদিক হিসেবে গড়ে তোলার নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তিনদিনব্যাপী এ সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মাসুদ মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক, ময়মনসিংহ, মীর আকরাম উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (ক্যারিয়ার ও প্রশিক্ষণ) কাজী শাম্মীনাজ আলম এবং উপপরিচালক (মহিলা ও সমন্বয়) গাজী শরিফা ইয়াছমিন।
দৈনিক লাল সবুজের দেশ-এর নির্বাহী সম্পাদক এবং বিএমইউজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী কর্মশালায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বদরুল আমীন, নুরুল ইসলাম জিহাদীসহ অন্যান্য বক্তারা।
কর্মশালায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা, হলুদ সাংবাদিকতার ক্ষতিকর প্রভাব, তথ্য যাচাই-বাছাই, অনুসন্ধানী প্রতিবেদন, ভাষা ও শব্দচয়ন, নৈতিক সাংবাদিকতা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের দিকনির্দেশনা দেওয়া হয়।
বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নানা বিষয়ভিত্তিক প্রশিক্ষণও দেওয়া হয়।
ময়মনসিংহ থেকে প্রকাশিত পাক্ষিক সুবর্ণ বাংলা-এর সম্পাদক এবং ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের সভাপতি মো. আরিফ রেওগীর এবং দৈনিক লাল সবুজের দেশ-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ও ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির যুগ্ম আহ্বায়ক জহুর লাল দে-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদ বিতরণের জন্য পরবর্তীতে দিন, তারিখ, সময় ও স্থান নির্ধারণ করে জানানো হবে বলে জানান কর্মশালার সভাপতি শিবলী সাদিক খান।