শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক

বকশীগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের শিকার বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মন পরিবারের কাছে হস্তান্তর

অনলাইন ডেস্ক ১২ June ২০২৬ · Friday · ০৩:২১ অপরাহ্ণ
বকশীগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের শিকার বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মন পরিবারের কাছে হস্তান্তর

 

সামরুল হক , স্টাফ রিপোর্টার:

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের শিকার হওয়া ৬৮ বছর বয়সী ষষ্টি চন্দ্র বর্মনকে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বকশীগঞ্জ থানা পুলিশ ও জামালপুর-৩৫ বিজিবির সদস্যরা যৌথভাবে তাকে তাঁর বড় ভাই ভবানী বর্মনের কাছে বুঝিয়ে দেন। ষষ্টি চন্দ্র বর্মনের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা এলাকায়।

পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই মাস আগে ষষ্টি চন্দ্র বর্মন হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিল।

এরই মধ্যে গত বুধবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাঁকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। সীমান্ত এলাকায় দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় যাচাইয়ের উদ্যোগ নেন।

পরবর্তীতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বিত প্রচেষ্টায় তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। জানা যায়, তিনি বাংলাদেশের নাগরিক এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে পুলিশের হেফাজতে রাখা হয়।

বকশীগঞ্জ থানা পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই, স্বজনদের পরিচয় নিশ্চিতকরণ এবং অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরিবারের সদস্যরা দীর্ঘদিন পর ষষ্টি চন্দ্র বর্মনকে ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন। তারা তাঁকে নিরাপদে উদ্ধারে সহযোগিতা করার জন্য বিজিবি, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, “ষষ্টি চন্দ্র বর্মনের পরিচয় ও পারিবারিক তথ্য যাচাই-বাছাই শেষে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এরপর তাঁকে তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সীমান্ত এলাকায় বিএসএফের পুশইন নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বিজিবি ও প্রশাসনের তৎপরতায় ঘটনাটি দ্রুত সমাধান হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বর্তমানে ষষ্টি চন্দ্র বর্মন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাড়িতে অবস্থান করছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ