ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার ও ফোর্সদের সম্মাননা প্রদান করলেন কেএমপি পুলিশ কমিশনার
মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার ও ফোর্সদের প্রশংসনীয় ও দায়িত্বশীল কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকাল ১১টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার , বিপিএম-সেবা।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান ও জনগণের সরাসরি মূল্যায়নের আওতাভুক্ত ইউনিট হলো ট্রাফিক বিভাগ। তাই ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্যকে সততা, দক্ষতা, পেশাদারিত্ব, ধৈর্য ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে ট্রাফিক বিভাগের সদস্যদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো অভিযোগ না আসা একটি ইতিবাচক দৃষ্টান্ত এবং এটি বিভাগের জন্য গৌরবের বিষয়। এই সুনাম ও অর্জন ভবিষ্যতেও ধরে রাখতে হবে। কোনো রিকশাচালক, যানবাহনের চালক কিংবা সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ না করে জনগণের প্রতি দায়িত্বশীল, সহানুভূতিশীল ও সেবামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
পুলিশ কমিশনার বলেন, ট্রাফিক পুলিশই বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অংশ, কারণ তাদের কার্যক্রম প্রতিদিন জনগণ সরাসরি প্রত্যক্ষ করে এবং মূল্যায়ন করে। তাই ট্রাফিক বিভাগের সদস্যদের সততা, নিষ্ঠা, দক্ষতা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের বিকল্প নেই।
অনুষ্ঠানে গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ৫ জন সার্জেন্ট/টিএসআই, ৫ জন এটিএসআই এবং ২০ জন কনস্টেবলকে সম্মাননা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
এ সময় পুলিশ কমিশনার জানান, ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার প্রদানের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এর মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে দায়িত্ব পালনে আরও উৎসাহ, উদ্দীপনা ও পেশাগত মনোভাব বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) , পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) -সহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।