বাসন থানার বিশেষ অভিযানে ধর্ষণ, যৌন নিপীড়ন ও মাদক মামলার ৪ আসামি গ্রেপ্তার
সামরুল হক,স্টাফ রিপোর্টার:
গাজীপুরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ, যৌন নিপীড়ন, মাদক এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত মামলার মোট চারজন আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (০৪ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে তাদের আটক করে পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে বাসন থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি রাজিবুল ইসলাম রাজু (৩০) রয়েছেন। তিনি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালম (নগরপাড়া) গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে গাজীপুরের ভোগড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
এছাড়া যৌন নিপীড়ন মামলার এজাহারভুক্ত আসামি মো. কাউসার আহমেদ (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে গাজীপুরের ভোগড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার স্থায়ী বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাছপাড়া গ্রামে।
অভিযানে ১০ পিস ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি সোহেল (২৩) কে আটক করা হয়। তিনি গাজীপুরের তেলীপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি পারভেজকেও অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তিনি গাজীপুরের নলজানী এলাকার বাসিন্দা।
বাসন থানা পুলিশ জানিয়েছে, মাদক, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
গ্রেপ্তারকৃত চার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের গাজীপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধ দমনে এমন কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।