আশুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
সামরুল হক, স্টাফ রিপোর্টার:
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তোফাজ্জল হোসেন ভূঁইয়া (৪০) নামে এক পেশাদার ও কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ ও বিক্রয় করতেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক। এর আগে বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড সংলগ্ন ১২তলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত তোফাজ্জল হোসেন ভূঁইয়া আশুলিয়া থানার মধ্য গাজিরচট এলাকার মৃত মাইজ উদ্দিনের ছেলে। স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত মাদক কারবারি হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ইউনিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে এমন তথ্যের সত্যতা যাচাই করতে পুলিশ অবস্থান নেয়।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তোফাজ্জল। তবে পুলিশ দ্রুত তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী এসআই সৈয়দ আজিজুল হক জানান, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
গ্রেফতারকৃত তোফাজ্জল হোসেন ভূঁইয়াকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।