বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত, ছেলেকে ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ
সামরুল হক, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ধারারচর ভাটিয়াপাড়া গ্রামে বজ্রপাতে বাবা ও ছেলে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) বিকেলে আকস্মিক এ দুর্ঘটনা ঘটলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
আহতরা হলেন— ধারারচর ভাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা মোতালেব মিয়া (৬০) এবং তাঁর ছেলে মো. মনি মিয়া (৩৬)।
স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির পাশের রাস্তার ধারে বাবা-ছেলে মিলে খড় স্তূপ করার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। কাজ করার এক পর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে তারা দুজনই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসা প্রদান করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ছেলে মো. মনি মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রথমে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, পিতা মোতালেব মিয়াকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর আহতদের স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এলাকাবাসী আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনা বেড়ে যায়। আবহাওয়া খারাপ থাকলে খোলা মাঠ, রাস্তার ধারে কিংবা উঁচু স্থানে অবস্থান না করার জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন।
আহত বাবা ও ছেলে যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সেই কামনায় এলাকাবাসী সবার কাছে দোয়া চেয়েছেন।