কটিয়াদীতে পারিবারিক কলহে ধারালো অস্ত্রের আঘাত, নারীসহ আহত ৩
মোবারক হোসেন নূরী
বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।
আজ (২ জুন)২০২৬, মঙ্গলবার দুপুরে উত্তর ফেকামারা গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন— উত্তর ফেকামারা গ্রামের মতিউর রহমানের ছেলে সিদ্দিকুর রহমান বাচ্চু (৪৫), হাজী মহিউদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন এবং কুড়িগাই গ্রামের মজিবুর রহমানের মেয়ে শ্রাবন্তী (১৭)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক বিরোধের জেরে দুপুরে একই এলাকার সবুজ (৪০), ফয়সাল (৩০), বকুল, সাইফুল, রমিজ ও উজ্জ্বলসহ বেশ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র (দা, ছুরি) নিয়ে ভিকটিমদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা সবাই জামিনে মুক্তি পাওয়া হত্যা মামলার আসামি। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে উল্লেখিত ৩ জন গুরুতর রক্তাক্ত জখম হন।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সুফিয়া খাতুন ও শ্রাবন্তীকে চিকিৎসা দেওয়া হলেও সিদ্দিকুর রহমান বাচ্চুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এই বিষয়ের আহত বাচ্চু মিয়ার ছোট ভাই মো: মাহফুজ (৩০) বলেন, আমার বড় ভাই রতন হত্যার আসামিরাই জামিনে এসে মামলা তুলে নেওয়ার হুমকি দিলে বড় ভাই বাচ্চু মিয়া অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমার বড় ভাই, মা ও ভাগনি গুরুতর আহত হয় ।
এ ঘটনার পর থেকে উত্তর ফেকামারা গ্রাম ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।
এই বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি(তদন্ত) মো: শ্যামল মিয়া বলেন,অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।