পিরোজপুর মঠবাড়িয়ায় জোড়া খুন, এলাকায় চরম উদ্বেগ
বরিশাল প্রতিনিধি- আব্দুল্লাহ মুহাম্মদ জিম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৮ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদকে শনিবার রাত প্রায় ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে ভোরে নেহালিয়া মাদ্রাসার পাশের মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।
অন্যদিকে, একই এলাকায় মো. কালু মিয়ার ছেলে সাগরকেও হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি এক সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দুইজনই পরিবার-পরিজনের একমাত্র ভরসা ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত তথ্য জানা যাবে। |