কিশোরগঞ্জে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক
জামাল উদ্দিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. খোকন (৪৫)কে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ওই প্রবীণ নারী পেশায় ভিক্ষুক বলে জানা গেছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার জয়কা ইউনিয়নের মথুরাপাড়া এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত আব্দুল ছমেদের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বৃদ্ধাকে রাস্তা থেকে তুলে একটি নির্জন স্থানে নিয়ে যায় খোকন। সেখানে তার হাত-পা বেঁধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তিনি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানান।
ভুক্তভোগীর মেয়ে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরকে অবহিত করলে তিনি পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।
ভুক্তভোগীর মেয়ে বলেন, আমার মা এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। তাকে হাত-পা বেঁধে ধর্ষণের পর চেয়ারম্যানকে জানিয়েও আমরা তাৎক্ষণিক কোনো বিচার পাইনি।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার বিকেলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা খোকনকে তার বাড়ি থেকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানান, অভিযুক্ত মো. খোকনকে জনতা আটক করে রেখেছিল। পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। রোববার সকালে ভুক্তভোগীর মেয়ে মোছা. হালিমা (৫০) বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।