পাকুন্দিয়ায় ডাক্তার শহিদুল্লা-জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি ও মানবিক সহায়তা প্রদান
আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নে ডাক্তার শহিদুল্লা-জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকাল ১১টায় বড় আজলদি গ্রামের নিজ বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নের ৯৫ জন দুস্থ ও অসহায় বিধবা নারীর মাঝে বিধবা ভাতা, ৬৫ জন অসহায় মহিলাকে সহায়তা, ৭৩ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি এবং ৮ জন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা ভাতা প্রদান করা হয়। এছাড়াও একটি অসহায় পরিবারের জন্য গৃহ নির্মাণ সহায়তার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করার লক্ষ্যেই ডাক্তার শহিদুল্লা-জাহানারা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. সাইদুল হক শাহীন, মাহবুব হক (আদিল), ডা. ওমর ফারুক, আয়েশা সিদ্দিকা এবং ডাক্তার শহিদুল্লা-জাহানারা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শহীদ মো. আজিজুল হক আসাদ, সভাপতি, শহিদুল্লা-জাহানারা ফাউন্ডেশন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সহধর্মিণী জাহানারা শহিদ। তিনি বলেন, “সমাজের বিত্তবান ও শিক্ষিত ব্যক্তিরা যদি এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসেন, তাহলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দারিদ্র্য অনেকাংশে কমে আসবে।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।