অষ্টগ্রামে কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
বিজয় কর রতন,হাওর অঞ্চল প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ২ দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন-এর গয়েশপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতের ঘটনার জের ধরে আজ শুক্রবার দুপুরে আবারো সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার কুদ্দুস মিয়া গোষ্ঠী ও ইদ্রিস আলী গোষ্ঠীর লোকজন কোরবানির মাংস বিতরণের সময় দুপুরে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা রাতে তুমুল সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
কুদ্দুস মিয়া অভিযোগ করে
বলেন, মাংস বিতরণকে কেন্দ্র করে ইদ্রিস আলী পক্ষের লোকজন টেটা, বল্লম, দা ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ইব্রাহিম মিয়া ও আজগর আলী বলেন, ইদ্রিস আলী পক্ষের একটি পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে সামাজিকভাবে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। এর জেরে পূর্ব বিরোধের ধারাবাহিকতায় মাংস বিতরণের সময় সামান্য বিষয়কে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে অষ্টগ্রাম থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, “বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।