বোরহানউদ্দিনের গফুরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৭ দোকান
মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার গফুরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতটি দোকান পুড়ে গেছে। রবিবার (২৪ মে ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ গফুরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বোরহানউদ্দিন ইউনিটের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাজারের বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে বেল্লাল ভ্যারাইটিজ স্টোর, নজরুল ফাস্ট ফুড, সোহেল ফার্মেসী, নিজাম খলিফার কাপড়ের দোকান, হাসান মালের হোটেল ও আহসান উল্লাহর মুদি দোকানসহ মোট সাতটি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, এর মধ্যে পাঁচটি দোকান সম্পূর্ণ এবং দুটি দোকান আংশিক পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বেল্লাল জানান, রাত ২টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান তিনি। পরে ভোরে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন তার পুরো দোকান আগুনে পুড়ে গেছে। তিনি বলেন, “দোকানে প্রায় ১০ লাখ টাকা নগদ ছিল। এছাড়া সার-কীটনাশক, বিকাশের সিম, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল ছিল। আমার প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কিছুই রক্ষা করতে পারিনি।”
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বোরহানউদ্দিন ইউনিটের সিনিয়র ফায়ার ফাইটার মো. সিদ্দিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করা হবে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা আমীর মো. মাকসুদুর রহমান, পৌর আমীর মাওলানা আমান উল্লাহ, বড়মানিকা ইউনিয়ন আমীর, জামায়াত নেতা জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। এছাড়া যুবদল সভাপতি শিহাব হাওলাদারও ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।